
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন তিনি পড়েননি। পত্রিকার মাধ্যমে বিষয়টি সম্পর্কে জেনেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটি না দেখে এ বিষয়ে বিস্তারিত বলতে চান না। জাতিসংঘের প্রতিবেদনে অনুমাননির্ভর কোনো বক্তব্য থাকলে তার ওপর সরকার নির্ভর করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি মহেশখালীতে আরও একটি এফএসআরইউ স্থাপনের জন্য জরিপ চলছে।
তিনি জানান, জি-টু-জি ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ করা হলেও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সরবরাহে বিঘ্ন ঘটে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতির উন্নতি করতে পেরেছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে। মাত্র ছয় মাসে বিভিন্ন সংস্কার ও কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।